বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় তোজাম্মেল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে তোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড এবং অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ আট বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাজাহান কবীর এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাবুল প্রাং ওরফে আবুল কালাম আজাদ, মানিক ও মনিরুজ্জামান ওরফে মিশু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পিন্টু ওরফে মাজেদুর রহমান, দেলোয়ার হোসেন ও আশিক। রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাছেদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৭ সালের ২৭ নভেম্বর ব্যবসায়ী ও দুর্গাহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী তোজাম্মেল তার চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে বৈঠাভাঙা গ্রামে যান। সেখান থেকে মোটরসাইকেলে তিনি, তার চাচাতো ভাই নয়ন ও আসাদ বাড়িতে ফিরছিলেন। তারা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তোজাম্মেল ও নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তোজাম্মেল ও নয়নকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তোজাম্মেল মারা যান।

তিনি আরও জানান, রায়ে চার্জশিটভুক্ত তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং একই মামলায় আরও তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পিন্টু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা আদালতে হাজির হননি। গ্রেফতারের পর থেকে তাদের সাজা কার্যকর হবে।