গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোরচক্রের ৩ সদস্য আটক
প্রতিকি ছবি
গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকার পুরাতন জেলখানা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বগুড়ার কালাই উপজেলার ঘনপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মতিউর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার খইদা গ্রামের মজিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) এবং শেরপুরের হোসেনপুর উপজেলার বিলাতিপুর গ্রামের রাজু মিয়া (২৮)।
পুলিশ জানায়, গত আগস্ট মাসে সদর উপজেলার পুলবন্দি এলাকার পিয়াদা পাড়ার অটোচালক রাজু মিয়ার ইজিবাইক ভাড়া নিয়ে শহরের রেলগেট থেকে কৌশলে গাড়িটি চুরি করে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। ওই সময়ের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আটককৃত প্রাইভেটকারটিতে চড়ে চোরচক্রের এক সদস্য দ্রুত পালিয়ে যায়।
পরে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক রাজু মিয়া শহরের গোল চত্বর এলাকায় প্রাইভেটকারটির নম্বর দেখে শনাক্ত করেন এবং স্থানীয়দের সহায়তায় গাড়িসহ তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতার হট্টগোল সৃষ্টি হলে সদর থানার টহল টিম ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, দুইটি স্মার্টফোন, দুইটি বাটন ফোন এবং নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।