অটোরিকশা চোরচক্র ধরতে কঠোর অবস্থানে পুলিশ, মূল হোতাসহ গ্রেপ্তার ৭
প্রতিকি ছবি
রংপুরে অটোরিকশা চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মূল হোতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চোরচক্রটি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুর নগরের বাহার কাছনা তেলিপাড়ার নবাব আলীর ছেলে হামিদুল ইসলাম, গাইবান্ধার উত্তর হরিণসিংহা গ্রামের সুজন মিয়া, গঙ্গাচড়া গজঘণ্টা ইউনিয়নের রমাকান্ত গ্রামের নুর ইসলাম, বুড়িরহাট কোবারু এলাকার জহুরুল ইসলাম, গঙ্গাচড়া রাজবল্লভ এলাকার আতিয়ার রহমান, আব্দুল মাজেদের ছেলে মুন মিয়া এবং নগরের চড়ারহাট এলাকার ফারুক হোসেন।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুরের পুলিশ সুপার আবু সাইম।
পুলিশ সুপার জানান, গত ১৫ অক্টোবর বদরগঞ্জ থানায় এক অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে রিকশা চুরির ঘটনায় মামলা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেলে থানা পুলিশ ও ডিবির যৌথ দল নগরের সিগারেট কোম্পানি এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউনিয়া রেলগেট এলাকা থেকে সুজন মিয়াকে চুরি যাওয়া একটি রিকশাসহ আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নগরের ময়নাকুটি এলাকা থেকে নুর ইসলাম ও জহুরুল ইসলামকে, এবং নিজ নিজ এলাকা থেকে আতিয়ার রহমান, মুন মিয়া ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আবু সাইম বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে রংপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রতারণার আশ্রয় নিয়ে চেতনানাশক ব্যবহার করে অটোরিকশা চালকদের অজ্ঞান বা হত্যা করে রিকশা চুরি করত। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের আরও কয়েকজন সদস্যকে ধরতে অভিযান চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।