ঢাকার দশ পয়েন্টে আজ ফ্যাসিবাদী গুম-খুন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী
প্রতিকী ছবি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে। আজ বুধবার শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান। গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্রসরোবর, ধানমণ্ডি, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ), বনানী, এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত)-এ ১০টি এলাকায় চলচ্চিত্র প্রদর্শিত হবে।
প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি আয়োজনে চলবে ‘জুলাইয়ের গান’। সেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হবে।