চট্টগ্রাম বন্দর ও আশপাশের পাঁচ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

চট্টগ্রাম বন্দর ও আশপাশের পাঁচ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

সংগ্রহীত ছবি

চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে বন্দর ও আশপাশে পাঁচ এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এসংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।

সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ বন্দর এলাকায় যেকোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন, পথসভা আয়োজন আজ বুধবার থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও সচল রাখার স্বার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো।

 

এতে আরো উল্লেখ করা হয়েছে, এতদ্দ্বারা সর্বসাধারণের সদয় জ্ঞাতার্থে উপস্থাপন করা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং একটি সর্বোচ্চ শ্রেণির কেপিআই। দেশের মোট আমদানি ও রপ্তানির বেশির ভাগ কার্যক্রম এই বন্দর দিয়ে সম্পন্ন হয়।