স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নতুন উপসচিব আজাহারুল
মো. আজাহারুল ইসলাম
যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ১২ জন কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন-সংক্রান্ত প্রজ্ঞাপনে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়নপূর্বক বদলি ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ১৪ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে পদায়ন-সংক্রান্ত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশেক হাসানকে যশোর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যশোর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিদায়ী জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসি পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার।