যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে। উদ্বোধনী খেলায় উপশহর ইউনিয়নকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ফতেপুর ইউনিয়ন।

শুক্রবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশিত হয়।

খেলার বিবরণ
খেলা শুরুর মাত্র ৩ মিনিটে ফতেপুর ইউনিয়ন গোলের সহজ সুযোগ হাতছাড়া করে। ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও ফতেপুরের জাহিদ গোল করতে ব্যর্থ হন। তবে খেলার ২০ মিনিটে উপশহর ইউনিয়ন গোলের সুযোগ পেলেও একাধিক খেলোয়াড়ের পায়ে বল লেগে তা মাঠের বাইরে চলে যায়। প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ২ মিনিটের মাথায় উপশহরের বিদেশী খেলোয়াড় হাসান বিয়ার এবং ৪ মিনিটের মাথায় এমেকা সিদ্দিকের ডান পায়ের শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। তবে দ্বিতীয় গোলটি হওয়ার পর ফতেপুর খেলার ছন্দ ধরে রেখে কিছু রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে। এই সময়ের মধ্যে উপশহর বেশ কয়েকবার গোলের সুযোগ হাতছাড়া করে।

তবে খেলার ৫৩ মিনিটে ফতেপুরের আকবরের এরিয়াল শট থেকে রাব্বি হেড দিয়ে বল সরাসরি প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। এরপর খেলার ৬৭ মিনিটে তিনি আরও একটি গোল করে দলকে ২-০ গোলের লিড এনে দেন। খেলার বাকি সময় তারা এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন। ফতেপুরের জয়ের নায়ক বনে যাওয়া রাব্বি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি তাবিথ আউয়াল তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দলের কোচ এবং ম্যানেজারকে খেলায় অংশগ্রহণের প্রাইজমানি প্রদান করা হয়।