গাজীপুর জেলা কারাগারের মো: সিদ্দিক মিয়া নামে এক হাজতির মৃত্যু
প্রতিকী ছবি
গাজীপুর জেলা কারাগারের মো. সিদ্দিক মিয়া (৩৩) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিদ্দিক মিয়া গাজীপুর মহানগরীর তড়ৎপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। কারাগারের সিনিয়র জেল সুপার রফিকুল কাদের বলেন, ‘নগরীর সদর থানার একটি ডাকাতির প্রস্তুতি মামলায় আদালতের মাধ্যমে শনিবার সন্ধ্যায় আসামি সিদ্দিক মিয়াকে কারাগারে আনা হয়।
রবিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় সোয়া ৬টার দিকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘শুক্রবার নগরীর তড়ত্পাড়া এলাকা থেকে সিদ্দিক মিয়াকে পুলিশ আটক করে।
তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা হলে পুলিশ পরের দিন শনিবার গাজীপুর আদালতে পাঠায়। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’