প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
প্রতিকী ছবি
বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে প্রশাসন ক্যাডারের দুজন কর্মকর্তা পদায়নে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আলী সরকার এবং মহাসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া এবং কনসুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে দীর্ঘ সময় ধরে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।
গত ১৩ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উল্লিখিত দুটি পদে আবেদন আহ্বান করে যে বিজ্ঞপ্তি দিয়েছে, তার শর্তে উল্লেখ রয়েছে, ‘গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ চার্টার অব ডিউটিজ অনুযায়ী গণমাধ্যম ও গণসংযোগের কাজের জন্য বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত। সঙ্গত কারণে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন বিদেশস্থ বাংলাদেশের দুটি মিশনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদ জানাচ্ছে। অ্যাসোসিয়েশন আশা করছে, কর্তৃপক্ষ দ্রুত এই নিয়োগ বাতিল করবে।