বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
সংগৃহীত
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদ ও বিচারকদের নিরাপত্তা জোরদারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মীর মশাররফ ভবনের সামনে আইন অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে আইন, আল ফিকহ অ্যান্ড ল, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন অনুষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জুডিশিয়ারি।
তারা বলেন, রাষ্ট্রের সাধারণ মানুষের আশ্রয়স্থল ও ভরসার জায়গা আদালত। আজ তার নিরাপত্তা হুমকির মুখে। তার নিরাপত্তা যেহেতু রাষ্ট্র দিতে ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষ সেখানে শঙ্কিত। রাষ্ট্রের সাধারণ মানুষসহ সমস্ত রাষ্ট্রযন্ত্র এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।