কবরের পাশে গাছ লাগানো যাবে?
কবরের চতুর্দিকে ফুল গাছ লাগানো। ছবি : সংগৃহীত
শুক্রবার জুমার নামাজ পড়ে আমরা অনেকেই প্রিয়জনের কবর জিয়ারত করি। কেউ কেউ তাদের জন্য নিয়ে যাই একগুচ্ছ ফুল বা গাছ।
যত্নে আর ভালোবাসায় সেই গাছ লাগাই প্রিয় মানুষটির স্মৃতির উদ্দেশে। কিন্তু এভাবে গাছ লাগানোর ব্যাপারে ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে? আসুন, আজ জেনে নিই সে বিষয়ে।
কবরের চারদিকে ফুল গাছ লাগানো মৌলিকভাবে নিষেধ নয়। তবে এর মাধ্যমে উদ্দেশ্য যদি মৃতব্যক্তির প্রতি আলাদা সম্মান প্রদর্শন হয়; তাহলে তখন শিরকের সাদৃশ্য হওয়ার কারণে এই কাজ করতে নিষেধ করা হয়েছে। তবে ইসলামে গাছ লাগানোকে ব্যাপকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে। যদি সেই দৃষ্টিভঙ্গির দিক থেকে চিন্তা করে গাছ লাগানো হয়, তাহলে সওয়াব হবে। কারণ একাধিক হাদিসে বৃক্ষ রোপণের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে।
কবরে ফুল দেওয়া বেদআত। যেমন, ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা (আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতওয়াসমগ্র)-তে এসেছে, ‘শহীদদের কবরে কিংবা অন্যদের কবরে ফুল দেওয়া এমন এক বেদআত যা আবিষ্কার করেছে এমন কিছু মুসলিম রাষ্ট্র যেগুলোর বন্ধন অমুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে দৃঢ়। কাফেররা তাদের মৃতদের সঙ্গে যা করে এরাও তাদের অনুকরণে তা করে। এটি শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। কেননা, এতে কাফেরদের সাদৃশ্য গ্রহণ বিদ্যমান। (ফাতাওয়া লাজনাতিদ্দায়িমা, ফতওয়া নম্বর ৪০২৩)’
কবরস্থানের ফুল-ফলের ব্যাপারে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে কিছু কুসংস্কার বা ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন, কবরস্থানের ফুল-ফল ব্যবহার করলে বা খেলে কোনো অঘটন ঘটতে পারে বা তার শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে ইত্যাদি।
ইসলামের দৃষ্টিতে এসবের কোনো ভিত্তি নেই। কবরস্থানের গাছের ফুল ও ফল অন্য সব জায়গার গাছের ফুল-ফলের মতোই ব্যবহার করা যাবে, খাওয়া যাবে। তাতে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই।