চট্টগ্রামে নকল বিড়ি-সিগারেট জব্দ
ছবি: প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উদালিয়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও বিভিন্ন ব্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন স্থানীয় ছাত্র-জনতা ও আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নকল বিড়ি-সিগারেট বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার হাটহাজারী উপজেলার উদালিয়া চা বাগান এলাকার কয়েকটি হোলসেলস দোকানে অভিযান চালানো হয়।
এসময় ব্যবসায়ী মোরশেদ এর দোকান থেকে সাত হাজার (৭,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও নকল ডারবি, স্টার ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি-সিগারেট জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, কিছু অসাধু চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তারা বিড়িও সিগারেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিড়ি বিক্রি করছে। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। নকল বিড়ি-সিগারেট বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।