কাজের সময় তেলাওয়াত শোনা জায়েজ? ইসলামের স্পষ্ট নির্দেশনা

কাজের সময় তেলাওয়াত শোনা জায়েজ? ইসলামের স্পষ্ট নির্দেশনা

ছবি: সংগৃহীত

কোরআনুল কারিম আল্লাহ তাআলার পবিত্র বাণী। এটি তেলাওয়াত করা, শোনা ও অনুধাবন করা মহান ইবাদতের অন্তর্ভুক্ত। তবে এই ইবাদত কবুল হওয়ার জন্য প্রয়োজন যথাযথ মনোযোগ ও সম্মান। অনেকেই কাজের ফাঁকে বা ব্যস্ততার মধ্যেও কোরআন তেলাওয়াত শোনেন। এ বিষয়ে ইসলামের নির্দেশনা কী?

কোরআনের সরাসরি নির্দেশ

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যখন কোরআন পাঠ করা হয়, তখন মনোযোগ দিয়ে শোনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের রহম করা হয়।’ (সুরা আরাফ: ২০৪)

এই আয়াত থেকে স্পষ্ট যে, কোরআন তেলাওয়াত শোনার সময় দুটি বিষয় অপরিহার্য:
১. গভীর মনোযোগ সহকারে শোনা
২. সম্পূর্ণ নিশ্চুপ থাকা

ফুকাহায়ে কেরামের ব্যাখ্যা

ইসলামিক স্কলারগণ এ বিষয়ে একমত পোষণ করেছেন যে, কোরআন তেলাওয়াত শ্রবণের সময় পূর্ণ মনোযোগী হওয়া জরুরি। 
‘ব্যস্ততায় মনোযোগ হারিয়ে তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যাবে না; কারণ যেখানে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়, সেখানে সওয়াবের আশা করা যায় না।’ (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ২/১০৪)
ফতোয়ায়ে শামিতে এসেছে- ‘যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তা মনোযোগসহ শ্রবণ করা আবশ্যক।’ (ফতোয়ায়ে শামি: ১/৫১০)

বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার শায়খ সালেহ আল-উসাইমিন (রহ.) এ বিষয়ে বলেন, ‘অমনোযোগী ও উদাসিন অবস্থায় রেকর্ডার বন্ধ রাখাই উত্তম। কেননা এটি অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। যখন দেখবে লোকেরা তেলাওয়াতের প্রতি মনোযোগী নয় বরং কথাবার্তায় ব্যস্ত—এ অবস্থায় রেকর্ড করা তেলাওয়াত চালানো বন্ধ রাখবে।’ তিনি আরও বলেন, ‘রেডিও বা মোবাইল ডিভাইসে রেকর্ড করা তেলাওয়াতেও অমনোযোগী হওয়া আদববিরোধী। তাই যখন অবসর পাবে তখন শুনবে; আর ব্যস্ত হলে তা বন্ধ রাখবে।’ (লিক্বাউল বাব আল-মাফতুহ)

কোরআনের মর্যাদা রক্ষার নির্দেশ

ইমাম নববি (রহ.) তার প্রসিদ্ধ গ্রন্থ ‘আত-তিবয়ান ফি আদাবি হামলাতুল কোরআন’-এ লিখেছেন- ‘অনেক মানুষই পবিত্র কোরআনের মর্যাদা ও আদব সম্পর্কে উদাসিন। তাই তেলাওয়াতের সময় হাসি-ঠাট্টা, কথাবার্তা ও বিশৃঙ্খলা বর্জন করা জরুরি।’

সুসংবাদ: বিকল্প পদ্ধতি

ব্যস্ততার সময় সরাসরি কোরআন তেলাওয়াত শোনা না গেলেও কাজ শেষে আলাদা সময় নির্ধারণ করে মনোযোগ সহকারে তেলাওয়াত শোনা। এতে কোরআনের পূর্ণ মর্যাদা রক্ষা হবে এবং আল্লাহর রহমত লাভের শর্ত পূরণ হবে।

মোটকথা, কোরআন তেলাওয়াত শোনা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। তবে মনোযোগের সুযোগ না থাকলে, ব্যস্ততার মধ্যে কাজ করতে করতে তেলাওয়াত শোনা কোরআনের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মনোযোগসহ, সম্মান ও আদব বজায় রেখে তেলাওয়াত শোনা—এটাই ইসলামের শিক্ষার মূল ভিত্তি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, মনোযোগসহ শোনার এবং তাঁর মহান বাণীর মর্যাদা রক্ষা করার তাওফিক দান করুন। আমিন।