চট্টগ্রামে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

চট্টগ্রামে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রতিকি ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাজীশ্বরাই গ্রামে বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত তিনটার দিকে স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান ভুঁইয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল বাড়ির সদস্য ও অতিথিদের বেঁধে রেখে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আব্দুল মান্নানের মেয়ের বিয়ে ছিল। অনুষ্ঠান শেষে কনে বিদায় দেয়া হয় সন্ধ্যা ৭টার দিকে। অতিথিদের বড় একটি অংশ চলে গেলেও নিকট আত্মীয়রা তখনও বাড়িতে অবস্থান করছিলেন। দিবাগত রাত তিনটার দিকে দোতলা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ডাকাত দল ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে ফেলে। ডাকাতরা তাদের পরণে থাকা ১৫ ভরির মতো স্বর্ণালংকার এবং ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশপাশেই পুলিশের টহল টিম ও গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ডাকাতদল বাড়ির পেছনে ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়। এটি মহাসড়ক কেন্দ্রিক একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। চক্রটি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।