নির্বিঘ্নে হাতি চলাচলে কাপ্তাইয়ে বিলবোর্ড স্থাপন

নির্বিঘ্নে হাতি চলাচলে কাপ্তাইয়ে বিলবোর্ড স্থাপন

ছবিঃ সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন কাপ্তাই রেঞ্জ অফিসের উদ্যোগে কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে হাতির নিরাপদ চলাচলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) কাপ্তাই-আসামবস্তী সড়ক এবং বড়ইছড়ি-কাপ্তাই সড়কের কয়েকটি পয়েন্টে যেখানে হাতি চলাচল করে থাকে সেখানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এতে করে সড়কের অংশগুলোতে চলাচলকারী চালক ও যাত্রীরা সতর্ক হতে পারবে।

কাপ্তাই রেঞ্জ অফিসার মো. ওমর ফারুক স্বাধীনের উপস্থিতিতে এ বিলবোর্ডগুলো স্থাপন করা হয়। এ সময় বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কাপ্তাই আসামবস্তী সড়কের অধিকাংশ স্থান কাপ্তাই জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের আওতায় হওয়ায় হাতির পাল নির্বিঘ্নে চলাচল করতে পারে না। ফলে বিভিন্ন সময় ওই সড়কে যানবাহনের উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানোর ফলে এবং হাতির চলাচলে বিঘ্ন ঘটায় আতঙ্কিত হাতির পাল যানবাহনের উপর হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।

সর্বশেষ ১৬ নভেম্বর ওই সড়কে বন্য হাতির আক্রমণে ষাটোর্ধ্ব দুই মহিলার মৃত্যু ও চার জন আহতসহ দুটি সিএনজি ক্ষতিগ্রস্ত হয়।