বার কাউন্সিল ভাইবা দেওয়া হলো না ক্যান্সার আক্রান্ত রাকিব হাসানের
রাকিব হাসান
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিব হাসান আর নেই। দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
সহপাঠী তাওসিফ অনিক জানান, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
জানা গেছে, ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাকিবের অস্থিমজ্জা সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন ছিল, যার ব্যয় প্রায় ৫০ লাখ টাকা। পরিবারের পক্ষে এ ব্যয় বহন সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনিয়র–জুনিয়রসহ সবাই সম্মিলিতভাবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থসংগ্রহে এগিয়ে আসেন। তাদের যৌথ প্রচেষ্টায় চিকিৎসার ব্যয়ের বড় একটি অংশের ব্যবস্থা করা সম্ভব হয়।
কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টাকে ব্যর্থ করে রাকিবকে আর বাঁচানো যায়নি।
সহপাঠীরা জানান, গত ২৫ অক্টোবর বার কাউন্সিল লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করে বার কাউন্সিল। সেখানে উত্তীর্ণ হওয়ার খবর সামাজিক মাধ্যমে নিজেই জানান রাকিব তখনও তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। বাকি ছিল কেবল ভাইবা; স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার পথ আরও একধাপ সামনে এগিয়ে নেওয়ার।
তবে সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।
ঝিনাইদহের বাসিন্দা রাকিবের বাবা বার্ধক্যজনিত কারণে কর্মক্ষম নন। বড় ভাই একাই পরিবারের আয়, দায়-দায়িত্ব সামলাতেন। এই কঠিন বাস্তবতার মধ্যেও রাকিব লড়াই চালিয়ে যাচ্ছিলেন পড়াশোনা ও রোগের সঙ্গে।