জলবায়ু পরিবর্তন সহনশীল ঘরের ফটোগ্রাফি বিষয়ক ওরিয়েন্টেশন
ছবি: প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীল ঘরসমূহের সফল উদ্যোগকে আলোকচিত্রের মাধ্যমে সঠিকভাবে নথিভুক্ত করার লক্ষ্যে আরএইচএল (RHL) প্রকল্পের আওতায় এক বিশেষায়িত আলোকচিত্র ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর সহকারী প্রকল্প সমন্বয়কারী শামীম ইফতেখার এবং ফরিদ মুন্নাফ।
এসময় প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘরের ফটোগ্রাফি, কম্পোজিশন, আলো-ছায়ার ব্যবহার, সঠিক অ্যাঙ্গেল নির্বাচন এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় আরএইচএল প্রকল্পের সাতটি বাস্তবায়নকারী সংস্থার ১৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সংস্থাগুলো হলো— উন্নয়ন প্রচেষ্টা, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, নবোলক পরিষদ, জাগরণী চক্র ফাউন্ডেশন, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এজিএম ও ফোকাল পারসন অনুপ কুমার দে।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বাস্তবভিত্তিক ও মানসম্মত আলোকচিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘরের কার্যকারিতা উপস্থাপন করলে তা নীতিনির্ধারক ও উন্নয়ন সংশ্লিষ্ট অংশীদারদের কাছে আরও গ্রহণযোগ্য ও প্রভাব বিস্তারকারী হবে।
কর্মশালায় মোবাইল ও ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ের ফটোগ্রাফি, ইমপ্যাক্ট ডকুমেন্টেশন এবং আলোকচিত্র চর্চা বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে প্রকল্প কার্যক্রমের আলোকচিত্রভিত্তিক দলিল সংরক্ষণ আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।