নেত্রকোনায় মার্কেটে আগুন, পুড়ে ছাই ২৫ দোকান
প্রতিকি ছবি
নেত্রকোনার মদনে মহিউদ্দিন নামের একটি মার্কেটে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট-বড় অন্তত ৪০টি দোকান। এর মধ্যে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে এখনো সঠিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি এবং আগুনের সূত্রপাত কোথা থেকে তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার মদন উপজেলার পৌর এলাকার মহিউদ্দন মার্কেটের মলয় পালের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মার্কেটের ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়া অন্যান্য আরও ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে মদন উপজেলাসহ জেলার আটপাড়া, কেন্দুয়া ও সদরের মোট চারটি ফায়ার সার্ভিসের ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে তাপস বস্ত্রালয়, তাকিয়া বস্ত্রালয়, পোশাক শ্রী, রাজলক্ষ্মী বস্ত্রালয়, মধুয়াখালি বস্ত্রালয়, সাইফুল বস্ত্রালয়, বিশ্বাস বস্ত্রালয়সহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যবসায়ী রাজিব পালসহ অন্যান্যরা বলেন, আমাদের প্রায় ১১ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ তারা এখনো নিশ্চিত হতে পারেননি। কীভাবে এবং কোথা থেকে লেগেছে তা বের করা যাচ্ছে না বলেও জানান তারা।
এদিকে, প্রাথমিকভাবে স্থানীয়সহ অন্যরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের জন্য কাজ চলছে বলে জানান মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান। তিনি বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্যাটাগরি অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।