বেরোবি ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের ফের পদত্যাগ
ছবি: সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে দ্বিতীয়বার গঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার ফের পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি ‘পারিবারিক কারণ’ দেখিয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক। এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধান কমিশনার অধ্যাপক ড. মো. শাহ্জামান।
এর আগে প্রথমবার গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. ফেরদৌস রহমানও দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছিলেন। ফলে টানা দুইবার প্রধান কমিশনারের পদত্যাগ করে সরে দাঁড়ানোয় ব্রাকসু নির্বাচন নিয়ে নতুন করে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কমিশন গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করেন। এরপর ১১ নভেম্বর ১১৭তম সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন পুনর্গঠন করে দ্বিতীয়বারে ড. শাহ জামানকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই আন্দোলন পরবর্তী ব্রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনসহ কর্মসূচি পালন শেষে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনের অনুমোদন দেন।