আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ২ অগ্নিকাণ্ড

আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে ২ অগ্নিকাণ্ড

সংগ্রহীত ছবি

রাজধানীর দুই এলাকায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আধা ঘণ্টার ব্যবধানে দুটি আগুনের ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দ্রুত পদক্ষেপে দুটি ঘটনাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান রাতে বলেন, রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

সংবাদ পাওয়ার পরই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুপড়ি ঘরে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর কিছুক্ষণ পর রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলু রোড এলাকার একটি ৮ তলা আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।