চুয়াডাঙ্গায় অস্ত্র ও হরিণের চামড়াসহ আটক ৩
প্রতিকি ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, অবিস্ফোরিত ককটেল ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার ছত্রপাড়া গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম।
আলমডাঙ্গা সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাফিদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। আটকরা হলেন, ছত্রপাড়া গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৪৫), রবিউল ইসলামের ছেলে শামিম হোসেন (৪৭) ও মনিরুল ইসলামের ছেলে লাল্টু রহমান (৪০)।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি ছত্রপাড়া এলাকায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি ককটেল বোমা, ৩ টি ফালা, ১ টি হরিণের চামড়া উদ্ধার করে যৌথবাহিনী। আটকৃত তিন আসামিসহ উদ্ধারকৃত অস্ত্র পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে।