তুরস্কে আন্তর্জাতিক হালাল সামিট অনুষ্ঠিত

তুরস্কে আন্তর্জাতিক হালাল সামিট অনুষ্ঠিত

সংগৃহীত

তুরস্কে আন্তর্জাতিক হালাল সামিট ও হালাল এক্সপো আন্তজাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুলের এক্সপো সেন্টারে আয়োজিত হালাল সামিট গত ২৬ নভেম্বর শুরু হয়ে ২৯ নভেম্বর শেষ হয়।

তুর্কি প্রেসিডেন্সির সহযোগিতায় এর আয়োজন করে ‘দ্য স্ট্যান্ডার্ড এন্ড মেট্ররোলজি ইনস্টিটিউট ফর ইসলামিক কান্ট্রিজ, যা ওয়াইসির একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সমন্বয় করে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় ও হালাল এক্রিডিটেশন এজেন্সি। এবার হালাল সামিটের মোটো নির্ধারণ করা হয়েছে ‘হালাল বাণিজ্যে উদ্ভাবন ও উত্কর্ষ'।

সামিট সারা বিশ্বের বাণিজ্য, খাদ্য, অর্থনীতি, প্রসাধনী, স্বাস্থ্য ও পর্যটন খাতের অংশিদারদের একত্র করেছে। উদ্দেশ্য হলো হালাল অর্থনীতি নিয়ে আলোচনা করা এবং তা এগিয়ে নিয়ে যাওয়া।

সামিটের উদ্বোধনীর সময় তুরস্কের বাণিজ্য মন্ত্রী বোলাত জানান, এখানে ১১০ দেশের প্রতিনিধি অংশ নিয়েছে এবং তুরস্ক ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার দর্শনার্থী প্রবেশের জন্য রেজিস্ট্রেশন করেছে।

তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জের নানাদিক তুলে ধরেন। তিনি বলেন, বাড়তে থাকা সংকোচননীতি ও শুল্ক যুদ্ধের মুখে ইসলামী দেশগুলোর মধ্যে আরও বেশি অর্থনৈতিক সংহতি ও বাণিজ্য সম্প্রসারণ আবশ্যক।

প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে গত ২২ বছরে তুরস্ক প্রতিবেশী দেশ ও ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে নানান নীতি গ্রহণ করেছে। এর ফলে দুই দশক আগে যেখানে ইসলামী দেশগুলোর সঙ্গে তুরস্কের বাণিজ্য মোট বাণিজ্যের ১১ শতাংশ ছিল, তা এখন বেড়ে ২৬ শতাংশে উন্নীত হয়েছে। 

তুর্কি মন্ত্রী বোলাত বলেন, এটি কেবল একটি ধর্মীয় বিষয় নয়; বরং স্বাস্থ্য, গুণগত মান, টেকসই উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে গঠিত একটি অর্থনৈতিক মডেল।

তিনি উল্লেখ করেন যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা দুই শ কোটিরও বেশি, যা বিশ্বের মোট জনসংখ্যার ২৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে ৫৪ কোটিরও বেশি মুসলিমের বয়স ৩০ বছরের নিচে হবে বলে তিনি জানান।

২০২৪ সালে মুসলিম ভোক্তাদের হালাল পণ্য ও সেবায় ব্যয় ছিল ২.৩ ট্রিলিয়ন ডলার, যা এ বছর ২.৫ ট্রিলিয়ন ডলারে এবং ২০২৮ সালে ৩.৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর আশা করা হচ্ছে। শুধুমাত্র হালাল খাদ্য খাতই ২০২৮ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। হালাল ধারণা এখন খাদ্যের পাশাপাশি পোশাক, পর্যটন, গণমাধ্যম, বিনোদন, ওষুধ এবং কসমেটিক্সকেও অন্তর্ভক্ত করেছে।

সূত্র: আজির নিউজ