কালীগঞ্জে অসহায় বিধবা নারীর ধান কেটে দিল ছাত্রদল

কালীগঞ্জে অসহায় বিধবা নারীর ধান কেটে দিল ছাত্রদল

সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে এক অসহায় বিধবা নারীর এক বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার ছোট শিমলা গ্রামে ওই বিধবা নারীর জমির পাকা ধান কেটে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।  

ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, জমিটি স্থানীয় বিধবা নারী ডলি বেগমের। শ্রমিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দীর্ঘদিন ধরে তিনি জমির ধান কাটাতে পারছিলেন না।

খবর পেয়ে মানবিকতার তাগিদে স্বতঃস্ফূর্তভাবে দলবদ্ধ হয়ে ধান কাটার কাজটি সম্পন্ন করেন তারা। এতে উপকৃত হন অসহায় ওই নারী। 

উপকৃত নারী ডলি বেগম বলেন, ‘আমার অভাবের সংসার। স্বামী বেঁচে নেই। টাকার অভাবে ধান কাটতে পারছিলাম না। জমির ধান অনেকদিন ধরে পেকে ছিল। ছাত্রদলের কিছু ভাইয়েরা এসে ধান কেটে দিয়েছে।’

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন বলেন, ‘সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকা ছাত্রদলের নিয়মিত কার্যক্রমের অংশ। আগামীতেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।