স্বামী-স্ত্রী সংগীতশিল্পী, রাস্তার পাশে মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ

স্বামী-স্ত্রী সংগীতশিল্পী, রাস্তার পাশে মিলল যুবকের ক্ষতবিক্ষত লাশ

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত সুমনের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলায়। তিনি স্থানীয় মন্টু খলিফার ছেলে এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন।

স্থানীয়রা সকালে সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ফতুল্লার মধ্য নরসিংপুরে হারুনের পরিত্যক্ত বাড়ির সামনে আধাপাকা রাস্তা থেকে সুমনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে যায়।

তিনি আরও জানান, নিহতের স্ত্রী—স্থানীয় সংগীতশিল্পী সোনিয়া আক্তার জানান, রবিবার রাতে স্বামী-স্ত্রী দুজনই গান পরিবেশন করতে ফতুল্লা পঞ্চবটিতে যান। গানের বিরতিতে সুমন বাইরে বের হয়ে গেলে আর ফিরে আসেননি।

হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।