গাজীপুরে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
গাজীপুরে এক মোবাইল ফোন টাওয়ারের কক্ষে হাত-পা বাঁধা অবস্থায় এক নিরাপত্তাপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মীর আলতাব হোসেন (৬৫) গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মেঘডুবী এলাকার মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলালিংক নেটওয়ার্ক টাওয়ারটির নিরাপত্তাপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও পুলিশ সূত্র জানা গেছে, টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা সোমবার সকাল পর্যন্ত আলতাব হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে আলতাব হোসেনের ছেলে সবুজ টাওয়ারে গিয়ে তার বাবার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে সোমবার সকালে মেঘডুবী ডাক্তারবাড়ি এলাকার ওই টাওয়ার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, মুখে স্কচটেপ ও হাত–পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা ওই টাওয়ার থেকে প্রায় ৪৫-৫০ হাজার টাকার তার চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উদ্দেশ্য কী তা উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে