সাত কলেজের শিক্ষকদের মঙ্গলবার থেকে টানা কর্মসূচি

সাত কলেজের শিক্ষকদের মঙ্গলবার থেকে টানা কর্মসূচি

ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ার স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সামনে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষকরা। ৬ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শিক্ষাবিদ ইনস্টিটিউট বাংলাদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহফিল আরা বেগম।

মঙ্গলবার ছাড়াও অন্য দিনগুলোর কর্মসূচিতে রয়েছে—  
৩ ডিসেম্বর (বুধবার) দেশের সব সরকারি কলেজে মানববন্ধন ও প্রেস ব্রিফিং 
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পাবলিক পরীক্ষা বন্ধসহ সাত কলেজে সর্বাত্মক কর্মবিরতি
৬ ডিসেম্বর (শনিবার) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সারা দেশের সব সদস্যের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশ।

লিখিত বক্তব্যে অধ্যাপক মাহফিল আরা বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা তার সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু সন্তানতুল্য শিক্ষার্থীদের ক্লাস শুরু করার দাবিটি অত্যন্ত ইতিবাচক এবং শিক্ষার্থীসুলভ আচরণের বহিঃপ্রকাশ বলে মনে করছেন শিক্ষকরা। সাত কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের জীবন থেকে একটি দিনও নষ্ট হোক তা চান না। শিক্ষার্থীরা রাজপথ থেকে শ্রেণিকক্ষে ফিরে আসুক-এটি যেমন অভিভাবকদের প্রত্যাশা, তেমনি সাত কলেজের শিক্ষকদেরও কামনা। 

এই অধ্যাপক বলেন, শিক্ষকরা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত ও অপেক্ষমাণ। কিন্তু খসড়া অধ্যাদেশ শিক্ষকদের সেই এখতিয়ার দেয়নি; কারণ খসড়া অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হলেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সাত কলেজের শিক্ষকরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন। চূড়ান্ত অধ্যাদেশ, সিলেবাস ও প্রশাসনিক কাঠামো নির্ধারিত না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী উভয়েই বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছেন।

প্রস্তাবিত মডেলের সংকট তুলে ধরে অধ্যাপক মাহফিল আরা বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় মডেল সরকারি কলেজগুলোর সক্ষমতা সংকোচনের ঝুঁকি তৈরি করেছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ, সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও সামাজিক সমতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সরকারি কলেজে আসনসংখ্যা কমে গেলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে উচ্চ ফি-নির্ভর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ফলে শিক্ষার বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত হবে। অথচ জাতীয় শিক্ষা নীতি ২০১০ উচ্চশিক্ষার প্রসারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।