খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেশবপুরে এতিমখানায় ২৩টি ছাগল দান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেশবপুরে এতিমখানায় ২৩টি ছাগল দান

সংগ্রহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের কেশবপুরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ছাগল কোরবানি দেওয়ার জন্য মোট ২৩টি ছাগল দান করেন তিনি।

দিনব্যাপী সাগরদাঁড়ি, পাজিয়া, গৌরীঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর, মঙ্গলকোট, মজিদপুর, বিদ্যানন্দকাটি, ত্রিমোহোনী, সফলাকাটি ও কেশবপুর সদর ইউনিয়নসহ পৌর এলাকার বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসায় ছাগলগুলো পৌঁছে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও অনুকরণীয়।

আলহাজ্ আবুল হোসেন আজাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমি ব্যক্তিগতভাবে এই দান করেছি। এতিমদের দোয়া দ্রুত কবুল হয়—এ বিশ্বাস থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম চলমান। নেত্রী সুস্থ হয়ে উঠলে এই আন্দোলন আরও গতিশীল হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।