তাড়াশে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে সংঘর্ষ, প্রেমিক নিহত
প্রতিকি ছবি
সিরাজগঞ্জের তাড়াশে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে সংঘর্ষে আয়নাল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার এ বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, উপজেলার এক নারীর (৩৫) সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আয়নাল হকের দীর্ঘদিন ধরে বিয়েবহির্ভূত সম্পর্ক চলছিল। তারা দুজনই বিবাহিত। এ ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে নিষেধ করা হলেও আয়নাল হক কর্ণপাত করেননি। এ অবস্থায় বুধবার বিকেলে আয়নাল হক ওই নারীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার পরিবারের লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি ও মারামারি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আয়নাল মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি মারা যান।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।