ময়মনসিংহে মাঠে গড়ালো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ময়মনসিংহে মাঠে গড়ালো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

সংগৃহীত

এক বছর বিরতির পর আবারও মাঠে গড়ালো ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে লিগের উদ্বোধন করা হয়। নিয়মিত দলভিত্তিক এই লিগে ১১টি দল অংশ নিচ্ছে। সার্কিট হাউস মাঠে পুরো মৌসুম জুড়ে চলবে ব্যাট-বলের লড়াই। রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে ৫৫টি ম্যাচ। যেখানে প্রতিটি দলই লড়াই করবে একে অপরের সঙ্গে।

আয়োজকদের প্রত্যাশা- এই লিগ স্থানীয় তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে আনার ক্ষেত্রও তৈরি করবে। আর আবারও ক্রিকেট লিগ চালু হওয়ায় উচ্ছ্বসিত তরুণ ক্রিকেটাররাও।

উদ্বোধনী দিনে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও থানার ঘাট স্পোর্টিং ক্লাব। ব্যাট-বলের লড়াই দেখতে সার্কিট হাউস মাঠে সকাল থেকেই জড়ো হন ক্রিকেটপ্রেমীরা। প্রথমে ব্যাটিং করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ৪৩ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে। 

জবাবে থানাঘাট স্পোর্টিং ক্লাব ৪২.৪ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান করে জয় ছিনিয়ে নেয়।

ম্যাচ সেরা হয়েছেন থানাঘাট স্পোর্টিং ক্লাবের সালমান।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান।