বয়ানরত অবস্থায় অসুস্থ, হাসপাতালে মারা গেলেন মাওলানা ফরিদুল ইসলাম
সংগ্রহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মাওলানা ফরিদুল ইসলাম (৩৫)। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুমা গ্রামে মাহফিলের স্টেজে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রংপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান তিনি।
মাওলানা ফরিদুল গাইবান্ধা সদর উপজেলার হাটলিপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তার আড়াই বছর বয়সী একটি সন্তান আছে। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ও স্থানীয় ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।
স্থানীয়রা জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুমা গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে এই কোরআন মাহফিলের আয়োজন করা হয়।
এতে ফরিদুল ছিলেন তৃতীয় বক্তা। নিজের বয়ান শুরুর কিছুক্ষণ পর তিনি ব্রেন স্ট্রোক করেন। মঞ্চে ঢলে পড়লে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং সেখান থেকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার সকাল ১১টায় মহিমাগঞ্জ আলিয়া মাদরাসা মাঠে তার প্রথম জানাজা এবং বিকেলে গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মাওলানা ফরিদুল ইসলামের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।