ক্যান্সারে আক্রান্ত শিক্ষার্থীর পাশে ইবি প্লেয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন
ছবি: প্রতিনিধি
ক্যান্সারে আক্রান্ত নার্গিস আক্তারের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্লেয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে আর্থিক সংকটে থাকা নার্গিস আক্তারকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছে সংগঠনটি। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের মাধ্যমে এই অনুদান দেওয়া হয়।
অসুস্থ নার্গিস আক্তার বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গোল্ড মেডেল পাওয়া অ্যাথলেটিক।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্লেয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রবি এবং সাধারণ সম্পাদক ড. আসাদুর রহমান।
এসময় নার্গিস বলেন, প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমার সহযোগিতা করেছে এবং সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে।
সংগঠনটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল রবি বলেন, আমাদের ছোট বোন নার্গিসের পাশে দাঁড়াতে পেরে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গর্বিত। তাকে আমরা এক লক্ষ টাকা অনুদান দিতে পেরেছি, বিগত দিনেও আমরা প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছি। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। তার জন্য দোয়া চাচ্ছি এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি চাই নার্গিস তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তার দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি খেলোয়াড় কল্যাণ সমিতি ইসলামের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী, প্লেয়ারদের ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।