ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইকের ধাক্কা থেকে বাঁচতে ট্রলির চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইকের ধাক্কা থেকে বাঁচতে ট্রলির চাকায় পিষ্ট মোটরসাইকেল আরোহী

সংগ্রহীত ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত চলন্ত ইজিবাইকের ধাক্কা থেকে বাঁচতে ছিটকে গিয়ে ধানের বস্তা বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোস্তফা কামাল (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বুধবার আনুমানিক বিকাল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহী বৃদ্ধ মোস্তফা কামালকে উদ্ধার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌসি আক্তার চমন বলেন, ‘তিনি (মোটরসাইকেল আরোহী) ঘটনাস্থলেই মারা গেছেন।

উনাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত মোমতাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জুলহাস উদ্দিন ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন ঘাগড়াপাড়ার রাস্তা ধরে একটি ইজিবাইক মহাসড়কের দিকে উঠছিল।

এমন সময় হঠাৎ মোটরসাইকেল আরোহীর সামনে ইজিবাইকটি চলে আসে। তৎক্ষণাৎ ইজিবাইকের ধাক্কা থেকে বাঁচার চেষ্টাকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধানের বস্তা বোঝাই ট্রলির চাকার নিচে পিষ্ট হন বৃদ্ধ মোস্তফা কামাল। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়রা আরো জানান, মোটরসাইকেল আরোহী হয়তো বাজার করে বাড়িতে যাচ্ছিলেন।

কারণ  মোস্তফা কামালের মোটরসাইকেলে ঝুলানো বাজারের ব্যাগ থেকে বাজার-সদাই মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।