শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল

শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল

সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভে অংশ নেন চাকসুর নেতারা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিল ঘিরে শিক্ষার্থীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়, 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো', 'হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে', 'আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও' এবং 'সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন'।

সমাবেশে চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব দাবি করেন, হামলা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে। যারা নীলনকশা করছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আবারও রাজপথে নেমে আসবে।

চাকসুর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম হোসেন রনি বলেন, হাদি রাজনৈতিক পরিচয়ের কারণে নয়; তার আন্দোলন ও ভূমিকার জন্য দেশজুড়ে পরিচিত।

রনি আরও বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। আমরা মনে করি, হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত থাকতে পারে। অতিদ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আমরা জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামব।

বিক্ষোভে চাকসুর অন্যান্য নির্বাচিত প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।