রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় পোশাক চাদর ও জুব্বা
সংগৃহীত
রাসুলুল্লাহ (সা.) কি সবসময় জুব্বা পরিধান করতেন—এ প্রশ্নের জবাব হলো, সবসময় রাসুলুল্লাহ (সা.) জুব্বা পরিধান করতেন না। বরং তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পোশাক পরিধান করতেন। রাসুল (সা.) জুব্বা পরিধান করেছেন—এই মর্মে বিভিন্ন সহিহ হাদিস রয়েছে, তদ্রূপ তাঁর চাঁদর পরিধানের কথাও হাদিসে বর্ণিত হয়েছে। আর তাঁর পোশাকের রঙের ক্ষেত্রেও ছিল বৈচিত্র্য।
মহানবী (সা.)-এর পোশাকের তালিকায় ছিল লুঙ্গি, চাদর, কোর্তা, জুব্বা ও কম্বল। সবুজ কাপড় নবীজির পছন্দের ছিল। অবশ্য নবীজির পরনে সাধারণত সাদা পোশাক থাকত। আবু রিমসা (রা.) বলেন, আমি নবী (স.)-কে দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। (শামায়েলে তিরমিজি, হাদিস : ৫১)
নবী কারিম (সা.)-এর চাদর পরিধান বিষয়ে হাদিসে এসেছে, বারা ইবনে আজিব (রা.) বলেন, নবী কারিম (সা.) মাঝারি গড়নের ছিলেন। তাঁর উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। তাঁর মাথার চুল দুই কানের লতি পর্যন্ত প্রসারিত ছিল। আমি তাঁকে লাল ডোরাকাটা জোড় চাঁদর পরিহিত অবস্থায় দেখেছি। তাঁর চেয়ে বেশি সুন্দর কাউকে আমি কখনো দেখিনি। (বুখারি, হাদিস : ৩৫৫১)
অন্য হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ‘হিবারা’ (ইয়েমেনি চাদর) পরতে বেশি পছন্দ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৫৮১৩)
মহানবী (সা.)-এর জুব্বা পরিধান বিষয়ে হাদিসে এসেছে : মুগিরা ইবনে শুবা (রা.) বলেন, আমি কোনো এক সফরে নবী (সা.)-এর সঙ্গে ছিলাম। তিনি বলেন, হে মুগিরা! লোটাটি লও। আমি তা নিলাম। তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তাঁর দেহে ছিল শামি (সিরিয়া অঞ্চলের) জুব্বা। (সহিহ বুখারি, হাদিস : ২৯১৮)
অন্য হাদিসে এসেছে, উরওয়া ইবনুল মুিগরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একটি রুমি (পারসিয়ান) জুব্বা পরেন। এর হাতা দুটি ছিল সংকীর্ণ। (তিরমিজি, হাদিস : ১৭৬৮)
নবী (সা.)-এর বরকতময় জুব্বা ধৌত করে পানি পান করা সম্পর্কেও একটি হাদিস আছে। আসমা বিনতে আবু বকর (রা.) বলেন, এটি আল্লাহর রাসুল (সা.)-এর জুব্বা। এই বলে তিনি কিসরাওয়ানি (ইরানি) সবুজ রঙের একটি জুব্বা বের করলেন, যার পকেট ছিল খাঁটি রেশমের প্রস্তুত এবং এর (হাতার) ছিদ্রদ্বয় ছিল খাঁটি রেশমের টুকরা দিয়ে ঢাকা। তিনি বলেন, এটি আয়েশা (রা.)-এর মৃত্যু পর্যন্ত তাঁর কাছেই ছিল। তাঁর ওফাতের পর আমি এটি নিয়েছি। নবী (সা.) এটি ব্যবহার করতেন। তাই আমরা অসুস্থদের আরোগ্য লাভের জন্য এটি ধৌত করি এবং তাদেরকে সে পানি পান করিয়ে থাকি। (সহিহ মুসলিম, হাদিস : ৫৩০২)
স্মরণীয় যে বিভিন্ন হাদিস থেকে এ ইঙ্গিত পাওয়া যায় যে রাসুলুল্লাহ (সা.) ও সাহাবায়ে কেরাম গোল জামা পরিধান করেছেন। এর প্রমাণ—প্রথমত, হাদিস শরিফে এসেছে, ‘রাসুল (সা.)-এর প্রিয় পোশাক ছিল কমিস।’ (তিরমিজি, হাদিস : ১৭৬২)
এ হাদিসের ব্যাখ্যায় সব মুহাদ্দিস এ কথা বলেছেন যে এই ‘কমিস’ প্রিয় পোশাক হওয়ার কারণ হলো এর মাধ্যমে বেশি পরিমাণে সতর ঢাকা যায়। আর প্রচলিত কাটা জামার মাধ্যমে সেটা পুরোপুরি সম্ভব নয়। এ জন্য এসব জামার সঙ্গে পায়জামা পরিধান করতে হয়। তাই এই হাদিসের মধ্যে এ ইশারা আছে, মহানবী (সা.)-এর বেশির ভাগ জামা ছিল গোল বা জুব্বা।
দ্বিতীয়ত, বিশুদ্ধ হাদিস থেকে জানা যায়, মহানবী (সা.) ও সাহাবায়ে কেরাম এক কাপড়ে নামাজ আদায় করতেন। আর সে ক্ষেত্রে সেটা যে প্রচলিত কাটা পাঞ্জাবি দিয়ে সম্ভব নয়, সেটা বলাই বাহুল্য।
তৃতীয়ত, গোল জামা বা জুব্বা আরব্য সংস্কৃতির অনুসঙ্গ। তাই খুব স্বাভাবিকভাবে বলা যায় যে সম্ভবত রাসুলুল্লাহ (সা.) প্রধান পোশাক হিসেবে জুব্বা পরিধান করেছেন।