গাইবান্ধায় গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
সংগৃহীত ছবি
গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলার শহীদ স্মৃতিস্মম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। পরে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পিকে বিশ্বাস রোডে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এরপর একে একে পুলিশ সুপার, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, গাইবান্ধা প্রেসক্লাব, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিমউদ্দিন, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব আব্দুল মজিদ, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
শেষে জাতির মঙ্গল ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।