১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান: সেলিম

১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান: সেলিম

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচন যাতে সঠিক সময়ে না হয় তার জন্য ষড়যন্ত্র চলমান। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, সংঘবদ্ধ না থাকেন, এই ষড়যন্ত্রকারীদের যদি প্রতিহত না করেন তাহলে কিন্তু তারা সফল হবে। যারা গত ১৭ বছর এদেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যারা স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত যাতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন না হতে পারে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন