রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি

রাজধানীর শ্যামপুর শ্মশান ঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সিয়াম (১৬) ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও কুমিল্লার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বর্তমানে তারা রাজধানীর গেন্ডারিয়া গার্মেন্টস গলিতে পরিবারের সঙ্গে থাকতেন। জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে সোমবার দিবাগত রাতে চার বন্ধু অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয়েছিল। ঘাতক ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহআলম বলেন, ‘ট্রাকটিকে জব্দ করে, চালক আব্দুল কাদেরকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রাত আড়াইটার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

নিহতের খালাতো ভাই রাব্বি বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবস হওয়ায় রাতে সিয়ামের বন্ধু সোহান তাদের নিজেদের অটোরিকশা নিয়ে আকাশ, ও হৃদয়সহ চার বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। গাড়িটি চালাচ্ছিল সোহান।

তাদের রিকশাটি শ্যামপুর শ্মশান ঘাট নদীর পাড় এলাকায় গেলে একটি ট্রাক তাতে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা থেকে পড়ে পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আকাশকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।