স্বাধীনতার বিরোধীরা আজও বাংলাদেশপন্থী হতে পারেনি : প্রিন্স
সংগৃহীত ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা নিজেদের পরাজয় মেনে নিতে পারেনি। আজও তারা বাংলাদেশপন্থী হতে পারেনি। স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয়। স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের ঘোষক বীর উত্তম জিয়ার দল বিএনপি স্বাধীনতা রক্ষা এবং লক্ষ্য বাস্তবায়নে পরীক্ষিত ও অঙ্গীকারাবদ্ধ।
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিএনপি আয়োজিত শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন প্রিন্স। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজারে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রিন্স বলেন, স্বাধীন বাংলাদেশে দিল্লি, পিন্ডি, তুরস্ক, মস্কো কিংবা ওয়াশিংটনের প্রেসক্রিপশনে রাজনীতি বা দেশ চলবে না। দেশ চলবে দেশবাসীর কথায়।
তিনি আরও বলেন, স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল, তারা একাত্তরকে নয়-শুধুমাত্র চব্বিশকে নিজেদের কলিজার টুকরা মনে করে। তারা ছাব্বিশ দিয়ে একাত্তরকে মুছে দিতে চায়। অথচ একাত্তরই আমাদের রাষ্ট্র সৃষ্টি করেছে। স্বাধীনতা বিরোধীদের মুখে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা মানায় না।
প্রিন্স বলেন, আওয়ামী লীগ একাত্তরের চেতনা ধ্বংস করেছিল। চব্বিশের গণঅভ্যুত্থান সেই চেতনাকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাষ্ট্র বিনির্মাণের পথ নির্দেশনা দিয়েছে।
তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি পরিকল্পিতভাবে একাত্তর ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করাতে চায়, জাতিকে বিভক্ত করতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান-উভয়ই স্ব-মহিমায় মহিমান্বিত। এগুলো একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক।
নানা আয়োজনে হালুয়াঘাটে মহান বিজয় দিবস উদযাপন করেছে বিএনপি। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।