জোহানেসবার্গে প্রকাশ্যে ডিজে ওয়ারিক স্টককে গুলি করে হত্যা
জনপ্রিয় রেডিও ও ক্লাব ডিজে ওয়ারিক স্টক। ছবিঃ সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গে দিনেরবেলা প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে জনপ্রিয় রেডিও ও ক্লাব ডিজে ওয়ারিক স্টককে। তিনি সবার কাছে পরিচিত ছিলেন ডিজে ওয়ারাস নামে। এই নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্ক।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে শহরের কেন্দ্রস্থলে কার্লটন সেন্টারের কাছে জাম্বেসি হাউস এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ওয়ারিক স্টককে তিনজন সন্দেহভাজন ঘিরে ধরে। তাদের মধ্যে একজন হঠাৎ গুলি চালায় এবং এরপর সবাই ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে যায়। এখনো হামলার কারণ জানা যায়নি, কাউকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর ডিজে ওয়ারাস পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রাস্তার ওপারে গিয়ে লুটিয়ে পড়েন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ড্রেডলকস চুল ও নিরাপত্তা রক্ষীর মতো পোশাক পরা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। আশ্চর্যের বিষয়, তার কাছে একটি অব্যবহৃত আগ্নেয়াস্ত্র থাকলেও হামলাকারীরা কিছুই লুট করেনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে কার্তুজসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সাধারণ মানুষের কাছে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। তারা ধারণা করছে, হামলাকারীরা ঘটনার পর দীর্ঘ পথ হেঁটে পালিয়েছে এবং তাদের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা চলছে। ডিজে ওয়ারাস ছিলেন দক্ষিণ আফ্রিকার পরিচিত রেডিও ও টিভি উপস্থাপক, পাশাপাশি একজন জনপ্রিয় পডকাস্টার। তিনি মজানসি ম্যাজিক চ্যানেলের রিয়েলিটি শো এনজিসেল' আইভিসা’র উপস্থাপক হিসেবেও ব্যাপক পরিচিতি পান। মিডিয়ার বাইরে ব্যক্তিগত নিরাপত্তা, ভিআইপি প্রোটেকশন, বড় ইভেন্টের নিরাপত্তা ব্যবস্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনাসহ নানা ব্যবসায় জড়িত ছিলেন তিনি।
তার বোন নিকোল স্টক বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমরা ভেঙে পড়েছি। তিনি দেশের অনেক মানুষের কণ্ঠস্বর ছিলেন যেসব বিষয় নিয়ে অনেকে কথা বলতে সাহস পায় না, তিনি সেগুলো নিয়ে সরাসরি কথা বলতেন। তিনি সামাজিক মাধ্যমে ঘটনাস্থলের ভয়াবহ ছবি বা ভিডিও শেয়ার না করার অনুরোধও জানান, বিশেষ করে ডিজে ওয়ারাসের তিন সন্তানের কথা মাথায় রেখে।