চবিতে ‘বিশ্ব আরবি ভাষা দিবস’ উদযাপন
সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শোভাযাত্রাটি আরবি বিভাগের সামনে থেকে শুরু হয়ে নতুন কলা ও মানববিদ্যা অনুষদের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষদের সামনে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
চবির আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদারের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের, অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রভাষক মো. রবিউল আহসান ও মো. নাঈমুল হকসহ বিভাগের শিক্ষার্থীরা।
এ সময় অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের বলেন, “আন্তর্জাতিক আরবি ভাষা দিবসে আমরা আরবিকে আমাদের মনের, দ্বীনের, সংস্কৃতির এবং জ্ঞানচর্চার ভাষা হিসেবে গ্রহণ করতে পারি। এর বিকাশে আমরা অবদান রাখতে পারি। আন্তর্জাতিক আরবি ভাষা দিবস সফল হোক।”
ড. আবদুল কাদের বলেন, “ইংরেজি বিভাগের জন্য আছে ব্রিটিশ কাউন্সিল। কিন্তু, আরবি বিভাগের জন্য নেই এরাবিক কাউন্সিল। আরব বিশ্বের সাথে আমাদের শিক্ষক আদান-প্রদান, ছাত্র আদান-প্রদান, একাডেমিক আদান-প্রদান, এই সুযোগগুলো নাই। অন্যান্য ডিসিপ্লিনগুলো যেইভাবে স্কলারশিপের সুযোগ পায়, আরবি বিভাগের শিক্ষার্থীদের সেই ধরনের স্কলারশিপের সুযোগ দেওয়া হয় না। বরং আরবি বিভাগের নাম দেখলেই নাম কেটে দেওয়া হয়।”
আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার আরবি ভাষার গুরুত্ব তুলে ধরে বলেন, “২০১২ সাল থেকে জাতিসংঘের ইউনেসকোসহ আরব বিশ্ব এবং বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানা আনুষ্ঠানিকতা, সভা-সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উদযাপিত হচ্ছে। আরবি ভাষার ঐতিহাসিক গুরুত্ব, জ্ঞানচর্চা, সংস্কৃতি ও সভ্যতায় এর অবদান এবং বিশ্বব্যাপী এ ভাষার প্রসার ও মর্যাদা বৃদ্ধিতে দিবসটি এক অনন্য ভূমিকা পালন করে চলেছে।”