১১ মাসে রংপুরে ৪১০ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৩
ফাইল ছবি
রংপুর অঞ্চলের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে মোট ৪১০টি দুর্ঘটনায় ২১৩ জন নিহত এবং ৪৬৪ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অনেকেই পঙ্গুত্বের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব তথ্য হাইওয়ে পুলিশ সূত্রে পাওয়া গেছে।
জানা গেছে, দুর্ঘটনাজনিত এসব ঘটনায় এ পর্যন্ত ১৯০টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সড়ক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৪ হাজার ৭৫৮টি মামলা দিয়েছে হাইওয়ে পুলিশ, যা থেকে বিপুল পরিমাণ রাজস্ব অর্জিত হয়েছে।
হাইওয়ে রংপুর রিজিয়নের আওতাধীন ৩৭৩ কিলোমিটার মহাসড়ক ও ১৩৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে নিয়মিত টহল এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তেঁতুলিয়া, বোদা, গোবিন্দগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালক ও যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালকই অধিকাংশ দুর্ঘটনার মূল কারণ বলে মনে করছেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার আবু তোরাব শামছুর রহমান।
পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, আইন প্রয়োগের পাশাপাশি চালকদের বিশ্রাম নিশ্চিত করা এবং লাইসেন্স প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা জরুরি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামীতে গতি নিয়ন্ত্রণ ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান আরও জোরদার করা হবে।