ঢাবি ভর্তি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কমপ্লেক্স ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. তাহেরুজ্জামান আকাশ (২২)। তার পিতা মো. ইসমাইল হোসেন এবং মাতা শামীমা আক্তার। নিহত শিক্ষার্থীর ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে সায়েন্স কমপ্লেক্স ভবনে ভর্তি পরীক্ষার হল কেন্দ্রে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আকাশ। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী মোহাম্মদ আবদুল ওহাব তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
দুপুর ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এর জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।