নিখোঁজের ৪ দিন পর মিলল শিশুর মরদেহ

নিখোঁজের ৪ দিন পর মিলল শিশুর মরদেহ

প্রতিকি ছবি

শেরপুরের নকলা উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুটির নাম রেশমি (৭)। সে নকলা পৌর শহরের কায়দা মধ্যপাড়া (বেগুনপট্টি) এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রেশমি। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় তার বাবা সাইফুল ইসলাম নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে একটি শিশুর মরদেহ ভেসে উঠলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।