বান্ধবীকে দেওয়া ‘প্রথম বলে ছক্কা’ মারার প্রতিশ্রুতি রাখলেন হার্দিক

বান্ধবীকে দেওয়া ‘প্রথম বলে ছক্কা’ মারার প্রতিশ্রুতি রাখলেন হার্দিক

সংগ্রহীত ছবি

টি-টোয়েন্টিতে নিজেদের জয়রথ বজায় রেখেছে ভারত। এই ফরম্যাটে টানা অষ্টম দ্বিপাক্ষিক সিরিজ জিতল তারা। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‍উঠেছিল ‘পান্ডিয়া ঝড়’। এদিন ২৫ বল ৬৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া, গড়েন ১৬ বলে অর্ধশত রানের রেকর্ডও।

হার্দিকের কথায়, তিনি ম্যাচসেরা হওয়ার জন্য খেলেন না। তার একমাত্র লক্ষ্য থাকে দলকে জেতানো। ম্যাচের আগে বান্ধবীকে দেওয়া প্রতিশ্রুতিও রেখেছেন হার্দিক।

সূর্যকুমার যাদব আউট হওয়ার পর ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা মারেন হার্দিক। তিনি বলেন, এই মাঠে অনেক খেলেছি। এখানকার পিচ হাতের তালুর মতো চিনি। জানতাম, ব্যাটে বল ভালোভাবে আসবে। তাই প্রথম বলেই ছক্কা মারব ঠিক করেছিলাম। খেলতে নামার আগে আমার বান্ধবীকে বলেছিলামও সেটা। 

এদিন মাঠে ছিলেন হার্দিকের বান্ধবী মাহিকা শর্মা। অর্ধশত রানের পর মাহিকার দিকে চুমুও ছোড়েন হার্দিক।

১৬ বলে ফিফটি, ভারতের হয়ে এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান। প্রথমটি যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ৫০ রান করেছিলেন তিনি। 

হার্দিক জানতেন না যে, তিনি নজির গড়েছেন। ভারতীয় এই অলরাউন্ডার বলেন, আমি সত্যিই জানতাম না ব্যাপারটা। আউট হয়ে ফেরার পর একজন বলল। ভাবলাম ইশ, অল্পের জন্য যুবি ভাইয়ের রেকর্ড ভাঙতে পারলাম না। পরে অবশ্য হার্দিক জানালেন, তিনি মজা করে কথাটি বলেছেন। তিনি খুব খুশি যে, রেকর্ডটি এখনো যুবরাজেরই দখলে।

এশিয়া কাপের সেমিফাইনালে চোট পেয়েছিলেন হার্দিক। প্রায় দুই মাস ক্রিকেটের বাইরে ছিলেন। হার্দিক জানালেন, ফেরাটাই আসল। তিনি বলেন, কঠিন সময় আসবেই। সেখান থেকে আপনি কীভাবে ফিরছেন সেটাই আসল। আমি নিজেকে তৈরি করেছি। প্রস্তুতি নিয়েছি। পরিশ্রম করেছি। তার ফসল পেয়েছি। এই ইনিংসটা খুব জরুরি ছিল।

ভারতকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন হার্দিক। ম্যাচসেরা হয়েছেন অনেকবার। কিন্তু পুরস্কারের লোভ কোনোদিনই ছিল না তার। তার কথায়, আমি ম্যাচসেরা হওযার জন্য খেলতে নামি না। আমি নামি দেশকে জেতাতে। এই ম্যাচে সেটা পেরেছি, তাতেই খুশি।

উল্লেখ্য, এদিন পান্ডিয়ার ঝোড়ো ইনিংসে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩১ রান তোলে ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ৮ উইকেটে ২০১ রানে। ফলে ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয় ভারত।