মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাব্বেরুল ইসলাম।
কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) অমিতাভ মন্ডল উপস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্যের সংজ্ঞা, খাদ্য অনিরাপদ হওয়ার কারণ, খাদ্য নিরাপদ রাখার উপায়, ভেজাল ও দূষণ সংক্রান্ত বিজ্ঞানসম্মত বিষয়গুলো তুলে ধরেন। এ সময় সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকিয়া আফরোজ বলেন, ‘আমরা সবাই ভোক্তা। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রত্যেকের সচেতন হওয়া জরুরি। ভোক্তা হিসেবে আমাদের অনিরাপদ ও ভেজাল খাবার এড়িয়ে চলতে হবে। নিজের পরিবার থেকেই শুদ্ধতার চর্চা শুরু করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভেজাল খাব না, কাউকে খাওয়াব না’—এই অঙ্গীকার আমাদের সব সময় মেনে চলতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব আ, ন, ম, নাজিম উদ্দীন বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। ফাস্ট ফুড পরিহার করতে হবে এবং আত্মশুদ্ধির মাধ্যমে ব্যবসায়ীদের প্রতারণা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের জন্য যা ভালো, তা সবার জন্যও ভালো—এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. দেবরাজ মালাকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জ জেলার কর্মকর্তা নুরে আলম সোহাগ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।