মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

চট্টগ্রাম বন্দরের আশপাশে মাফিয়া চক্র আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। তিনি সোমবার নগরীর পতেঙ্গা এলাকার একটি ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৮ তম বার্ষিক সাধারণ সভায় এ মন্তব্য করেন। নৌ উপদেষ্টা সভাপতির বক্তব্য দেন।

তিনি বলেন, শিপিং করপোরেশেনেও অতীতে মাফিয়াচক্র ছিল। সেজন্য প্রতিষ্ঠানটি লাভ করতে পারেনি। এখন লাভের মুখ দেখছে। সবখানে যদি মাফিয়া চক্র থাকে, তাহলে কাজ করা অনেক কঠিন। দেশের উন্নয়নের জন্য নতুনদের আসার সুযোগ দিতে হবে। গত ৪০ বছর ধরে একই ব্যক্তিরা চট্টগ্রাম বন্দরে আধিপত্য বিস্তার করে আছে এবং তারা কী করছে তা আপনারা সবাই জানেন।

নৌ উপদেষ্টা বলেন, চাঁদাবাজি বন্ধ হয়নি। তবে পরিমাণটা কমেছে। আগে সবাই মিলে করতো, এখন ব্যক্তি কেন্দ্রিক হচ্ছে। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি ট্রাক যখন ঢুকে তখন চাঁদা নেয়া হয়। শুধু বাইরের লোকজন ট্রাক থেকে চাঁদা নিচ্ছে এমন না, ভেতরের লোকজনও এটি করছে। এ জন্য আমরা যানবাহন প্রবেশের কার্যক্রমকে অটোমেটেড করছি।

সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বিএসসি’র স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম. শাহজাহান মিনা ও  ড. আবদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নির্বাহী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ এবং পরিষদ সচিব আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কর সমন্বয়ের পর নীট মুনাফা হয়েছে ৩০৬ কোটি টাকা, যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ।