ফরিদপুরের সদরপুরে মাদকসহ চাকরি হারানো পুলিশ সদস্য গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
ফরিদপুরের সদরপুরে চাকরি হারানো এক সাবেক পুলিশ সদস্যকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় মমিনের হোটেলের সামনে থেকে সাবেক পুলিশ সদস্য রফিকুল ইসলামকে (৪৭) ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
রফিকুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। রফিকুল ইসলাম সদরপুর সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকায় এক ভাড়া বাড়িতে বসবাস করেন।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নে কলেজ মোড় এলাকায় সাবেক পুলিশ সদস্য রফিকুলকে তল্লাশি করে তার প্যান্টের পকেটে একটি নীল প্যাকেটের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজউদ্দিন বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, দায়ের করা মাদক মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।