গাংনীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, স্ত্রী-কন্যা আহত
ফাইল ছবি
মেহেরপুরের গাংনী উপজেলায় পাওয়ার টিলার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দেড় বছরের কন্যা শিশু আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের দবির ডাক্তার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন হোসেন গাংনী উপজেলার করমদি গ্রামের সন্ধানী পাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন হোসেন মোটরসাইকেলে করে স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি ধলা গ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহারবাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পাওয়ার টিলার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তুহিন হোসেনের মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে