বাড়ি থেকে ডেকে নিয়ে দুই হাতের রগ কাটল দুর্বৃত্তরা
প্রতিকী ছবি
খুলনায় আক্তার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আক্তার নগরীর গল্লামারী এলাকার চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি নগরীর একটি হোটেলের কর্মচারী। তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আক্তার হোসেন জানান, সকালে বাড়ি থেকে তাঁর ভাগ্নে শাহেদের চার-পাঁচজন বন্ধু তাঁকে দারোগার ভিটা নামক স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছানার পর কিছু বুঝে ওঠার আগেই চারজন তাঁকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাতের রগ কেটে দেয়।
তাঁর চিত্কারে আশপাশের মানুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিত্সক বাপ্পা রাজ বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে আক্তারের বাঁ ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর বাঁ হাতের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি।
বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা আক্তার হোসেনের পূর্ব পরিচিত। কী কারণে তাঁর হাতের রগ কেটে দেওয়া হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।