ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

সংগ্রহীত ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হালনাগাদ একটি শান্তি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন। তাতে রাশিয়ার দাবি অনুযায়ী, পূর্ব ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করা এবং সেই জায়গায় একটি অসামরিক এলাকা প্রতিষ্ঠা করা যেতে পারে বলে প্রস্তাব রেখেছেন তিনি।

গত সপ্তাহ শেষে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যস্থতাকারীদের সম্মতিতে তৈরি ২০ দফা এই পরিকল্পনা নিয়ে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার পর রাশিয়া তাদের প্রতিক্রিয়া জানাবে।

এই পরিকল্পনাকে ‘যুদ্ধ শেষ করার মূল রূপরেখা’ বলে বর্ণনা করে জেলেনস্কি বলেন, এতে যুক্তরাষ্ট্র, পশ্চিমা সামরিক জোট নেটো এবং ইউরোপীয়দের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে রাশিয়া আবার ইউক্রেনে আগ্রাসন চালালে সমন্বিত সামরিক পদক্ষেপ নেওয়া যায়।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, একটি ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গঠন সম্ভাব্য বিকল্প হতে পারে।

সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেন সেনা প্রত্যাহারের বিপক্ষে থাকায় যুক্তরাষ্ট্রের আলোচকরা একটি অসামরিক অঞ্চল অথবা মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা ভাবছেন।

জেলেনস্কি বলেন, “দুটি পথ খোলা আছে— হয় যুদ্ধ চলবে, নয়ত সম্ভাব্য সব অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে হবে।”

শান্তি চুক্তির বিনিময়ে পূর্ব দোনেৎস্ক অঞ্চলের প্রায় এক-চতুর্থাংশ এলাকা থেকে ইউক্রেনকে সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে রাশিয়া। ওই অঞ্চলের বাকি অংশ ইতোমধ্যেই রাশিয়ার দখলে আছে।

জেলেনস্কি বলেন, ভূখণ্ড বিষয়ক প্রশ্নসহ অন্যান্য স্পর্শকাতর বিষয়গুলো ‘নেতা পর্যায়ে’ সমাধান হতে হবে। তবে এই নতুন খসড়া শান্তি পরিকল্পনা ইউক্রেইনকে শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়াসহ ৮ লাখ সেনার এক বিশাল সামরিক শক্তি নিশ্চিত করবে।

ভূখণ্ড নিয়ে হালনাগাদ শান্তিপরিকল্পনায় অনেক বেশি বিস্তারিত তথ্য উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। যদিও এটি স্পষ্ট যে, ইউক্রেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

জেলেনস্কি সেনা প্রত্যাহারের বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, ইউক্রেন যদি দোনেৎস্কের অবশিষ্ট ২৫ শতাংশ এলাকায় একটি ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়ে তুলতে তাদের বিশাল বাহিনীকে ৫, ১০ বা ৪০ কিলোমিটার পিছিয়ে নিতে প্রস্তুত থাকে—যাতে এলাকাটি কার্যত অসামরিক হয়ে পড়ে—তবে, রাশিয়াকেও একইভাবে ৫, ১০ বা ৪০ কিলোমিটার পিছু হটতে হবে।